ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

করোনায় লণ্ডভণ্ড টাঙ্গাইলের তাঁত শিল্প

আর মাত্র কয়েক দিন পরেই ঈদ। সারা বছর অপেক্ষার অবসান ঘটিয়ে এই সময়টাতে বিক্রিত কাপড়ের লাভ ও পাওনাদারের দেনা পরিশোধের হিসাব নিয়ে ব্যস্ত থাকতে হয় তাঁত মালিকদের। সেই সাথে শ্রমিকদের বেতনের সাথে বোনাস। অথচ ঋনের চাপে নাজেহাল অবস্থা এখন তাঁত মালিকদের। শ্রমিকদের বেতন দেয়াটাই এখন দুঃসাধ্য ব্যাপার হয়ে দাড়িয়েছে। ঘুরে দাঁড়ানোর চেষ্টাটাও ব্যর্থ হয়েছে তাঁত মালিকদের।


গত বছরের মতো এবারও করোনায় লণ্ডভণ্ড হয়ে পড়েছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্প। ইদ মৌসুমের শেষ সময়েও ক্রেতা শূণ্য হয়ে পড়েছে টাঙ্গাইলের তাঁতের শাড়ীর হাট গুলো। সদর উপজেলার করটিয়া, বাজিতপুর, কালিহাতী উপজেলার বল্লা ও যোকেরচর শাড়ীর হাট গুলোতে ঘুরে এমন চিত্র দেখা গেছে। যার ফলে অবিক্রিত শাড়ী নিয়ে হতাশ হয়ে পড়েছেন তাঁত মালিক ও ব্যবসায়ীরা। সপ্তাহে দু’দিনে এসব হাট গুলো থেকে প্রায় ৫ থেকে ৬ কোটি টাকার শাড়ী কাপড় বিক্রি হয়। বর্তমানে তা অর্ধেকে নেমে এসেছে। টাঙ্গাইলের বৃহৎ এই শিল্পকে বাচাঁতে সরকারের কাছে নানা দাবি জানিয়েছেন তাঁত মালিক ও ব্যবসায়ীরা।


গত বছর করোনায় লকডাউনে তাঁত শিল্প বন্ধ থাকায় বেকার হয়েছে হাজারও শ্রমিক। ঋনগ্রস্থ হয়ে পড়েছিল তাঁত মালিকরা। এবার ইদে তারা সেই ঘাটতি পূরণে আশায় বুক বেধে ছিল। কিন্তু এবার সেই লকডাউনেই আশায় গুড়ে বালি। শাড়ি বিক্রি করে লাভ তো পরের কথা বরং কতো ক্ষতি হচ্ছে সেই হিসাব কষেই দিন পার করছেন তাঁত মালিকরা। অন্যদিকে ক্ষতিগ্রস্থ তাঁতিদের জন্য সরকারের পক্ষ থেকে নেই কোন প্রণোদনার ব্যবস্থা।


করোনা ভাইরাসের প্রথম ঢেউয়ে গত বছরের ২৬ মার্চ থেকে সরকারি নির্দেশনায় কল-কারখানা-ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করায় চালু তাঁত ফ্যাক্টরিগুলোও বন্ধ হয়ে যায়। ফলে জেলার তাঁতশিল্পে প্রতিদিন গড়ে এক কোটি ৮৭ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা লোকসানের শিকার হতে হয়।


বাতাঁবোর টাঙ্গাইল সদর উপজেলার বাজিতপুর বেসিক সেন্টার সূত্রে জানা যায়, এ সেন্টারের ৩২টি প্রাথমিক তাঁতি সমিতি ও তিনটি মাধ্যমিক সমিতির দুই হাজার ২৬৭ তাঁত মালিকের মোট ১২ হাজার ৪২৯টি তাঁত রয়েছে। এর মধ্যে দুই হাজার ৬৭৩টি তাঁত আগে থেকেই বন্ধ এবং ৯ হাজার ৭৫৬টি তাঁত চালু ছিল। মূলত এ বেসিক সেন্টারের তাঁতগুলোয় মিহি সুতার ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ি তৈরি হয়ে থাকে।


বল্লা (কালিহাতী) বেসিক সেন্টারের সূত্র মতে, এ সেন্টারের ১৭টি প্রাথমিক তাঁতি সমিতি ও একটি মাধ্যমিক তাঁতি সমিতির অধীনে দুই হাজার ১২৪টি তাঁত ফ্যাক্টরি মালিকের ১৮ হাজার ১৭৫টি তাঁত রয়েছে। এ বেসিক সেন্টারের তাঁতগুলোতে অপেক্ষাকৃত মোটা সুতার শাড়ি উৎপাদিত হয়ে থাকে।


তাঁত মালিক মমিনুর রহমান জানান, টাঙ্গাইলের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হচ্ছে তাঁত শিল্প। গত বছর করোনায় ও বন্যায় তাঁত বন্ধ হওয়ায় অনেক শ্রমিক বেকার হয়েছে। এবার বেচা-বিক্রি না হওয়ায় ঋনের দায়ে সচল তাঁত গুলোও বন্ধ করে দেয়া ছারা আর কোন উপায় দেখছিনা। রমজান মাসের শুরুতে স্বাস্থ্যবিধি মেনে যোগাযোগ ব্যবস্থা ও দেশীয় বিপণি-বিতান গুলো খোলা রাখলে আমদের এ ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে হতোনা।


শাড়ী ব্যবসাী আমিনুর রহমান জানান, নিম্নমানের ও সস্তা দামের ভারতীয় চাকচিক্যপূর্ন শাড়ী গুলো দেশীয় বাজারে প্রবেশ করায় আগে থেকেই আমাদের শাড়ী গুলো মার খাচ্ছে। তারপর আবার লকডাউনে এখন ব্যবসা লন্ডভন্ড হয়ে পড়েছে। তৃণমুল তাঁতিদের সমস্যা নিয়ে সরকার আলোচনায় না বসলে এক সময় বৃহৎ এই তাঁত শিল্প বন্ধ হয়ে যেতে পারে। সেই সাথে লাখো শ্রমিক বেকার হয়ে পড়বে।


ব্যবসায়ীদের দাবি গুলো হচ্ছে- লকডাউনে ক্ষতিগ্রস্থ তাঁতিদের প্রণোদনা দেয়া, সুতার দাম কমিয়ে আনা, ভারতীয় শাড়ী আমদানি বন্ধে কঠোর পদক্ষেপ নেয়া, সহজ শর্তে ও বিনা সুদে ব্যাংক ঋন দেয়া, ঈদ মৌসুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, শাড়ী ব্যবহারের প্রতি নারীদের উৎসাহ বাড়াতে প্রচার মাধ্যমে বিজ্ঞাপন দেয়া, শাড়ী রপ্তানিতে নতুন বাজার তৈরি করা, সরকারি-বেসরকারি অফিস গুলোতে নারীদের শাড়ী পড়া বাধ্যতা মুলক করা, তাঁতিদের সসম্যা সমাধানে তাদের নিয়ে মাসিক আলোচনা সভা করা। এসব দাবি বাস্তবায়নের প্রতি জোর দাবি জানিয়েছেন তাঁত মালিক ও ব্যবসায়ীরা।

ads
ads
ads

Our Facebook Page

↑